বাংলাদেশের বিপক্ষে প্রথম টেস্টে হার দিয়ে সিরিজ শুরু করেছে পাকিস্তান। ওই ম্যাচে হাঁটুর চোটের কারণে খেলতে পারেননি দলের সাবেক অধিনায়ক বাবর আজম। ম্যাচের আগের দিনই তিনি ইনজুরিতে পড়েন। তবে সিলেটে অনুষ্ঠিত হতে যাওয়া দ্বিতীয় টেস্টে তার ফেরার সম্ভাবনা রয়েছে, যা সিরিজে ঘুরে দাঁড়ানোর ম্যাচ হিসেবে দেখছে পাকিস্তান শিবির।
পাকিস্তানের প্রধান কোচ সরফরাজ আহমেদ বলেন, বাবর আজমের ফেরা দলের জন্য অত্যন্ত ইতিবাচক দিক। তার ভাষায়, সাম্প্রতিক পিএসএলে বাবর যেভাবে পারফর্ম করেছেন, তাতে তাকে মানসিকভাবে চাঙা এবং কৌশলগতভাবে আরও শক্তিশালী মনে হয়েছে। তাকে দলে পাওয়া তাদের জন্য স্বস্তির বিষয়।
প্রথম টেস্টে হারের পর পাকিস্তান দল ও অধিনায়ক শান মাসুদ ব্যাপক সমালোচনার মুখে পড়েছে। এ প্রসঙ্গে সরফরাজ জানান, সমালোচনা নতুন কিছু নয় এবং খারাপ পারফরম্যান্স করলে সেটি স্বাভাবিক। তাই তারা সামাজিক যোগাযোগমাধ্যমের সমালোচনায় মনোযোগ না দিয়ে পরবর্তী ম্যাচেই ভালো খেলার লক্ষ্য নিয়েছে।
অন্যদিকে, প্রথম টেস্টে ব্যাট হাতে উল্লেখযোগ্য কিছু করতে পারেননি অভিজ্ঞ উইকেটকিপার ব্যাটার মোহাম্মদ রিজওয়ান। তবে তার ফর্মে ফেরার ব্যাপারে আশাবাদী সরফরাজ আহমেদ বলেন, রিজওয়ান একজন দক্ষ উইকেটকিপার এবং সময়ের সঙ্গে তিনি ব্যাটিং ও কিপিং—দুই দিকেই পাকিস্তানের জন্য ভালো করবেন বলে তারা বিশ্বাস করেন।


